দাফন থেকে ঘুরে দাঁড়িয়েছে বিটিসিএল : মন্ত্রী

১০ নভেম্বর, ২০২০ ২০:১১  
ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে ৫০ এমবিপিএস ফ্রি ওয়াইফাই সংযোগ দিয়েছে বিটিসিএল। মঙ্গলবার এই সংযোগের উদ্বোধন করেছন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, বিটিসিএল জিএম মীর মোহাম্মাদ মোরশেদ, ডিআরইউ সহ সভাপতি নজরুল কবির, কল্যাণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, প্রতিষ্ঠাকালীন সদস্য মুফতি আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডিআরইউ সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মাদ রফিকুল মতিন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া সেন্টারে একটি ডিজিটাল ল্যাব স্থাপনের আবেদন করেন অনুষ্ঠানের সঞ্চালক ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। বক্তব্যে নিজ উদ্যোগে ডিআরইউ-কে বিনমূল্যে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়ায় বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ও মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডিআরইউ সভাপতি। ডিআরইতে সেবা দেয়ার মাধ্যমে বিটিসিএল তার সেবার মান যে নতুন মাত্রায় উন্নীত করেছে তার প্রমাণ দেয়া হবে বলে আশ্বাস দেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন। প্রধান অতিথির বক্তেব্যে দাফন-কাফন দেয়ার অবস্থা থেকে বিটিসিএল এখন ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন ডাক ও টেলিযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।